এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
একই সঙ্গে সদ্য এসএসসি পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দিতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. মিলন বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়, সে লক্ষ্যেই তাদের উৎসাহ দিতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যেন আরও বেড়ে যায়, তারা যেন লেখাপড়া ঠিকমতো করে—সেজন্যই প্রধানমন্ত্রী ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার বিষয়টি চিন্তা করছেন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষায় আগ্রহ বাড়াতে বিভিন্ন উপহারের বিষয়েও আলোচনা হচ্ছে। বিশেষ করে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে ড. মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগের কিছু প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বাজেট বরাদ্দ, প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ এবং পরীক্ষার ব্যবস্থা নিয়েও কাজ করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!