বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার শাসনের পতনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তির দূত হয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ের রাজনীতির পরিবর্তে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রাজনীতি চালু করেছেন তারেক রহমান, যা দেশের মানুষ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্টেশন সংলগ্ন পেন্নাই ঈদগাহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে বিএনপি প্রতিষ্ঠা ছিল সময়োপযোগী ও ঐতিহাসিক সিদ্ধান্ত।

তিনি বলেন, তৎকালীন সরকার একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ বন্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

বিএনপির এই নেতা বলেন, জাতীয় সমৃদ্ধির জন্য নিরাপদ পরিবেশ প্রয়োজন। গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশকেও এমন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। সেই অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন এবং জনগণ এর সুফল পেতে শুরু করেছে।

তিনি আরও বলেন, বিগত সরকার দুঃশাসন, জুলুম-নিপীড়নের মাধ্যমে গণতন্ত্র, অর্থনীতি ও রাষ্ট্রের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত করেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া এমপি।

সূত্র: কালের কণ্ঠ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!