খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়া হয়। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন এমপি ওয়াদুদ ভূঁইয়া।

এরপর নেতাকর্মীরা খাগড়াছড়ি পৌর টাউন হলে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, দেশের বর্তমান পরিস্থিতি এবং দলীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন নেতারা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, বড় বড় আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট চক্রই দেশে বিভিন্ন সংকট তৈরি করছে। তারা দেশকে অস্থিতিশীল ও পঙ্গু করার চক্রান্ত করছে। অন্যদিকে বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংকটের সমস্যার সমাধান হবে। আওয়ামী লীগের লুটপাটের কারণে বাংলাদেশ বর্তমানে সংকটকাল অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট আর বেশিদিন থাকবে না।

খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পরিষদের সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন দলটির নেতাকর্মীরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!