জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিভিন্ন সময়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। দলটিকে শেষ করে দেওয়া ও ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করা হয়েছে। তবে ইতিহাস সাক্ষী—যারাই বিএনপিকে শেষ করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর শহরের উপশহর মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর বিএনপিকে সাংগঠনিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়নি। বিভিন্ন কর্মসূচিতে হামলা, নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, হত্যা, গুম ও খুনের মতো ঘটনার হাত থেকে বিএনপির সাধারণ কর্মীরাও রেহাই পাননি।
আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে দুলু বলেন, আজ বাংলার মাটিতে সেই দলের জায়গা নেই। দলের অনেক নেতা বিদেশে চলে গেছেন এবং স্থানীয় নেতাকর্মীরা আগের কর্মকাণ্ডের কারণে এলাকায় ফিরতে পারছেন না।
তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সুযোগ পেলেই তারা দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে। তাই যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে প্রতিহত করতে হবে।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দুলু বলেন, ৪৮ বছর আগে রমনার বটমূলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং দেশের মানুষ তাকে ভোট দিয়ে তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়।
তিনি আরও বলেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করছে এবং দেশ এগিয়ে যাচ্ছে।
সমাবেশে নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
এ ছাড়া স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। পরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সূত্র: Jugantor
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!