মেয়ের পড়াশোনার খরচ চালাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হয়ে তিনি পেয়েছেন ৩ হাজার রুপি পুরস্কার, যা মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন।
মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আম্বাজোগাইয়ে অনুষ্ঠিত ম্যারাথনটি ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।
প্রতিযোগিতায় রমাবাই সাধারণ শাড়ি ও চপ্পল পরে অংশ নিতে আসেন। শুরুতে তাকে অন্যদের মতো একজন সাধারণ প্রতিযোগী মনে হলেও দৌড় শুরুর পর বদলে যায় পুরো দৃশ্য।
দৌড়ের সময় বারবার খুলে যাচ্ছিল তার চপ্পল। এতে গতি কমে আসায় একপর্যায়ে চপ্পল খুলে হাতে নিয়ে নেন তিনি। এরপর খালি পায়েই ছুটতে শুরু করেন।
পাথুরে ও রুক্ষ রাস্তা পেরিয়ে খালি পায়ে দৌড়ানো কঠিন হলেও থামেননি রমাবাই। একে একে পেছনে ফেলতে থাকেন তরুণ প্রতিযোগীদের। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে জয় তুলে নেন তিনি।
রমাবাইয়ের এই অসাধারণ সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শক ও আয়োজকেরা। মেয়ের ভবিষ্যৎ গড়তে একজন মায়ের এই সংগ্রাম ও আত্মত্যাগ প্রশংসা কুড়িয়েছে সবার কাছে।
ম্যারাথনে জিতে পাওয়া ৩ হাজার রুপির পুরস্কার মেয়ের পড়াশোনার খরচে ব্যবহার করবেন বলে জানিয়েছেন রমাবাই। তার এই জয় শুধু একটি দৌড় প্রতিযোগিতার সাফল্য নয়, বরং সন্তানের ভবিষ্যতের জন্য একজন মায়ের ভালোবাসা, সাহস ও ত্যাগের অনন্য উদাহরণ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!