কুমিল্লার নাঙ্গলকোটে সাত মাস বয়সী শিশু সন্তান নাজমুল হাসান ফারাবীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা ফাতেমা বেগমকে (২০) আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিচন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
পুলিশ জানায়, আটক ফাতেমা বেগম উপজেলার মান্দ্রা গ্রামের মরহুম আবুল কালামের মেয়ে এবং ভবানীপুর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।
নিহত শিশুর খালা ও ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, শনিবার সকালে ফাতেমা তার সাত মাস বয়সী ছেলে ফারাবীকে নিয়ে নিশ্চিন্তপুরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ভোরে শিশুটি কান্নাকাটি শুরু করলে একপর্যায়ে ফাতেমা জানান, তিনি শিশুটিকে বালিশচাপা দিয়েছেন।
ইয়াছমিন বলেন, ফাতেমার কথা শুনে দ্রুত ঘরে গিয়ে শিশুটির শরীরের ওপর বালিশ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি আরও দাবি করেন, তার মেয়ের ওপর জিন-ভূতের প্রভাব রয়েছে।
নাঙ্গলকোট থানার ওসি মো. শাহিনুর ইসলাম জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা স্বীকার করেছেন, শিশুটি বেশি কান্নাকাটি করায় রাগের মাথায় তিনি তাকে বালিশচাপা দেন।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: The Daily Ittefaq
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!