বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের সমাপ্তি হয়েছে আবেগঘন এক বার্তার মাধ্যমে। আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেও, তার বিদায়বার্তায় থাকা প্রতিটি উপাদান ভক্তদের নজর কেড়েছে।
আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির বিদায়ী পোস্টটি শুধু একটি সাধারণ বার্তা ছিল না; এর মধ্যে ছিল নানা প্রতীকী ইঙ্গিত।
বিদায়বার্তার সঙ্গে মেসি যে ছবিটি প্রকাশ করেছেন, সেখানে দেখা যায় একটি নোটপ্যাডের তিনটি ছেঁড়া পাতা। বড় হাতের অক্ষরে লেখা ছিল তার আবেগঘন বার্তা। পাশে রাখা ছিল একটি সোনালি রঙের কলম।
মেসি জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের মাত্র দুই দিন পর গত জুলাইয়ে তিনি এই চিঠি লিখেছিলেন। পরবর্তীতে বাবাকে হারানোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি।
বিদায়ের চিঠিতে ‘টাইম-টার্নার’ এর প্রতীকী অর্থ
মেসির চিঠির পাশে রাখা কলমটি সাধারণ কোনো কলম নয়। এটি জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হ্যারি পটার’-এর একটি বিশেষ ধাতব কলম, যার উপরে রয়েছে হার্মিওনি গ্র্যাঞ্জারের ব্যবহৃত ‘টাইম-টার্নার’।
হ্যারি পটারের গল্পে ‘টাইম-টার্নার’ এমন একটি কাল্পনিক বস্তু, যার মাধ্যমে অতীতে ফিরে যাওয়া যায়। মেসির বিদায়বার্তার পাশে এই কলম রাখাকে অনেকেই তার দীর্ঘ ফুটবল যাত্রার প্রতীক হিসেবে দেখছেন।
জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারে ছিল কঠিন সময়, সমালোচনা ও একাধিক ফাইনালে হতাশা। তবে পরবর্তীতে ২০২১ সালের কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি পূর্ণতা পান।
সাধারণ নোটবুকে লেখা আবেগঘন চিঠি
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি কোনো বিশেষ প্যাড ব্যবহার করেননি। সপ্তাহের দিন ও তারিখ লেখার ঘর থাকা সাধারণ একটি নোটবুকের তিনটি পাতা ছিঁড়ে নিজের বিদায়বার্তা লিখেছেন।
কালো কালিতে বড় হাতের অক্ষরে লেখা ওই পাতায় কিছু সংশোধনের চিহ্নও দেখা গেছে। তিনটি পাতায় সাজানো ছিল তার জাতীয় দলের দীর্ঘ যাত্রার শেষ অধ্যায়।
প্রথম পাতায় মেসি দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা তুলে ধরেন। তিনি জানান, আর্জেন্টিনার জন্য তিনি সবকিছু উজাড় করে দিয়েছেন এবং দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই।
দ্বিতীয় পাতায় তিনি ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তৃতীয় পাতায় ফুটে ওঠে গভীর দেশপ্রেম। সেখানে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান তাকে আর্জেন্টাইন হিসেবে গড়ে তোলার জন্য এবং শেষ করেন—‘এগিয়ে চলো আর্জেন্টিনা’ বার্তা দিয়ে।
ভিডিওতে উঠে এসেছে মেসির পুরো যাত্রা
চিঠির পাশাপাশি প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনা দলে মেসির অভিষেক, বিভিন্ন টুর্নামেন্ট, হতাশার মুহূর্ত এবং ট্রফি জয়ের স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে।
লিখিত আবেগ ও স্মৃতিচারণের ভিডিও—দুই মাধ্যমেই মেসি আন্তর্জাতিক ফুটবলে নিজের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টেনেছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!