ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান না থাকা সত্ত্বেও কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন চিকিৎসা যন্ত্রপাতি কেনা হয়েছে, যা এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয় রোগী বা টেকনিশিয়ান না থাকলেও বিপুল অর্থ ব্যয়ে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে। এসব যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এখন সেগুলো ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

উদাহরণ হিসেবে ফরিদপুর ও বরিশালে পড়ে থাকা দুটি এমআরআই মেশিনের কথা উল্লেখ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর দাবি, প্রতিটি মেশিনের দাম ছিল ১৮ কোটি টাকা। নয় বছর পরও একটি মেশিনের মূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা হতে পারে বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, প্রতিটি মেশিন কেনার ক্ষেত্রে প্রায় ৭ কোটি টাকা করে চুরি করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান না থাকা সত্ত্বেও এসব যন্ত্রপাতি কেনা হয়েছিল। ফলে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হলেও সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত হয়নি।

সভায় মাদক নির্মূলের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে। কেউ জামিনে বের হয়ে পুনরায় মাদক কর্মকাণ্ডে জড়ালে প্রয়োজন অনুযায়ী তাকে আবারও গ্রেপ্তার করার কথা বলেন তিনি।

মানিকগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি জেলার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়ন—সবকিছু মিলিয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মানিকগঞ্জের স্বাস্থ্য খাত নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জেলার মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা, ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবলসংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি। প্রত্যন্ত এলাকার মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনা হবে। এমনভাবে স্বাস্থ্য খাতকে উন্নত করার পরিকল্পনার কথা জানান তিনি, যাতে কোনো মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়। স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সঙ্গে ভালো আচরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

দেশে বিদ্যুৎ, সার, গ্যাস ও তেলসহ বিভিন্ন কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে ফ্যাসিস্টদের দোসররা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জেলার সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। মানিকগঞ্জের উন্নয়নে চলমান উদ্যোগগুলো আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি। জেলার মানুষের জীবনমান উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী।

সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তাঁরা।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ জেলার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের কর্মকর্তা এবং জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!