দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসের জন্য মূল্য সমন্বয় করেছে সরকার। ফলে চলতি মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের আগের নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসজুড়ে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্যও তা অপরিবর্তিত রাখা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিদ্যমান মূল্যহার বহাল রাখা হয়েছে। ফলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই আগের নির্ধারিত দাম কার্যকর থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!