ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, এখন থেকে নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হবে এবং প্রতিটি মাংসে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। সিল দেখেই ক্রেতারা বুঝতে পারবেন মাংসটি স্বাস্থ্যসম্মত ও পরীক্ষিত।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, মাংস পরীক্ষিত কি না তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে সিটি করপোরেশনের সিল থাকা বাধ্যতামূলক করা হবে। সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ করা হবে। পাশাপাশি অবৈধভাবে জবাই করা পশুর মাংস বিক্রির সঙ্গে জড়িত দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বাজারে বা অন্য কোনো স্থানে পশু জবাই করা যাবে না। কেউ অনুমোদনহীন স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি করলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে।
আবদুস সালাম বলেন, অন্য স্থান থেকে মাংস আনা হলে পশুটি সঠিকভাবে জবাই করা হয়েছে কি না, সেটি সুস্থ ছিল কি না বা কোনো রোগে আক্রান্ত ছিল কি না—এসব বিষয় নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। এমনকি গরুর মাংসের নামে অন্য কোনো পশুর মাংস বিক্রি হচ্ছে কি না, তাও যাচাই করা কঠিন।
তিনি বলেন, এসব বিষয় নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে।
জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!