পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ নামে এই কর্মসূচির মাধ্যমে নাগরিকরা বর্জ্য জমা দিয়ে বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর ৫৫ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ বস্তি সংলগ্ন মাঠে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের বর্জ্য জমা দিয়ে অস্থায়ী স্টল থেকে চাল, ডাল, তেল, লবণ, আলু ও টিস্যুসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচি নাগরিকদের পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত করার একটি কার্যকর উদ্যোগ হতে পারে।
তিনি বলেন, প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ড্রেন ও নালা-নর্দমায় ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা দিলে একদিকে যেমন জলাবদ্ধতা কমবে, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত থাকবে।
নগরজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা
ডিএসসিসি প্রশাসক জানান, কর্মসূচিটি ধীরে ধীরে পুরো নগরীতে সম্প্রসারণ করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে গুলিস্তানে একটি স্থায়ী স্টল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থায়ী স্টল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া সুবিধাজনক বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) কাছে পথশিশুদের জন্য চেয়ার-টেবিল ও বইয়ের ব্যবস্থা করে ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
বর্জ্য থেকে আয়, মানুষের জন্য খাবার
বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক মানুষকে শুধু সহায়তা নয়, বরং পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশীদার করা হচ্ছে।
তিনি জানান, গত দুই বছরে প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে। এই অর্থ দিয়ে প্রায় ৪ লাখ মানুষকে খাবার দেওয়া সম্ভব হয়েছে।
ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ লাখ কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!