অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি কয়েকটি গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। হামলায় বহু ফিলিস্তিনি আহত হলেও ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ফিলিস্তিনিদের সহায়তায় যাওয়া অ্যাম্বুলেন্স এবং ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও বাধার মুখে পড়তে হয়েছে।

নেতানিয়াহুর নিন্দা, তবে নেই কঠোর ব্যবস্থা

ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা শুরু হলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বিবৃতি দেন। তিনি হামলাকারীদের ‘কয়েকজন বিশৃঙ্খলাকারী’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

তবে সমালোচকদের অভিযোগ, বক্তব্যের বাইরে বাস্তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হামলার ভিডিওতে মুখ ঢাকা ব্যক্তিদের দেখা গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করা হয়েছে।

রাজনৈতিক কৌশল দেখছেন বিশ্লেষকরা

বিশেষজ্ঞদের মতে, নেতানিয়াহুর এই ধরনের বক্তব্য মূলত আন্তর্জাতিক চাপ কমানোর কৌশল হতে পারে। তাদের দাবি, অল্প কয়েকজনকে দায়ী করে পুরো পরিস্থিতির দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তারা বলছেন, পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ন্ত্রণের বিষয়টি দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। ফলে শুধু কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে মূল সমস্যার সমাধান হবে না।

পশ্চিম তীরে বাড়ছে ইসরাইলি বসতি

প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীর সংখ্যা যেখানে প্রায় আড়াই লাখ ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় সাত লাখে পৌঁছেছে।

ইসরাইলি সরকার নতুন বসতি স্থাপন, বাড়িঘর নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে, এর মাধ্যমে পশ্চিম তীরের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

জাতিসংঘের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার ঘটনা আগের রেকর্ড ছাড়িয়েছে।

তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিয়েও সমালোচনা রয়েছে। অনেক দেশ শুধু উদ্বেগ প্রকাশ করলেও হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ, সহিংসতা এবং রাজনৈতিক উত্তেজনা নিয়ে পশ্চিম তীরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের মত।

সূত্র: আল-জাজিরা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!