কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট ৫জি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ভিভো। তরুণদের দৈনন্দিন ব্যবহারকে লক্ষ্য করে ‘স্লে এভরি এজ’ বার্তা নিয়ে বাজারে আনা হয়েছে নতুন এই স্মার্টফোনটি।

রোববার (৩০ আগস্ট) দেশে আনুষ্ঠানিকভাবে ফোনটি লঞ্চ করা হয়।

ভিভো জানিয়েছে, ভি৮০ লাইট ৫জি-তে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২০০০ নিট এইচবিএম উজ্জ্বলতা। প্রতিষ্ঠানটির দাবি, এই ডিসপ্লে ব্যবহারকারীদের স্মুথ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

ফোনটির ডিজাইনের অন্যতম আকর্ষণ হলো ‘স্কাইলাইন ক্যামেরা’ ডিজাইন। আড়াআড়ি ক্যামেরা বিন্যাস ও আলোর প্রতিফলনের বিশেষ নকশার পাশাপাশি ডিভাইসটি পাওয়া যাবে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—এই দুই রঙে।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম। ভিভোর দাবি, উন্নত সিস্টেম অপটিমাইজেশনের মাধ্যমে ফোনটি ৫০ মাস বা তার বেশি সময় পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম।

ক্যামেরা বিভাগে ভি৮০ লাইট ৫জি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা। কম আলোতেও বিস্তারিত ছবি তোলার সুবিধার পাশাপাশি এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা।

ব্যাটারির দিক থেকেও ফোনটিতে বড় সক্ষমতা দেওয়া হয়েছে। এতে রয়েছে ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি ধুলা ও পানি প্রতিরোধে ফোনটিতে দেওয়া হয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং।

বাংলাদেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি দুটি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা।

ক্রেতাদের জন্য ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে ভিভো।

প্রতিষ্ঠানটির দাবি, প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি এবং পানি ও ধুলা প্রতিরোধী সুবিধার কারণে দৈনন্দিন ব্যবহার থেকে বিনোদন—সব ক্ষেত্রেই ভালো অভিজ্ঞতা দেবে ভিভো ভি৮০ লাইট ৫জি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!