এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বিশেষ নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রচলিত শিক্ষাব্যবস্থায় এগিয়ে যেতে না পারা শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
প্রয়োজনে এসব শিক্ষার্থীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।
রোববার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এসএসসি বা সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), স্বল্পমেয়াদি কারিগরি ও ভোকেশনাল কোর্সে যুক্ত করা হবে।
তিনি বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেউ ব্যবসা বা নতুন উদ্যোগ শুরু করতে চাইলে প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
মাহদী আমিন বলেন, আগে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করা হয়নি। এবার তাদের জন্য বিশেষ নীতি তৈরি করা হচ্ছে, যাতে পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তারা শিক্ষা বা কর্মজীবন থেকে ঝরে না পড়ে।
এদিকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে ৬২ দশমিক ২৫ শতাংশে নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
ফলাফল প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এবার কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি। শিক্ষার্থীরা নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নের ভিত্তিতে ফলাফল পেয়েছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য একাডেমিক শিক্ষার বাইরে কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।
সূত্র: Jagonews24
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!