আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন।
তিনি জানান, আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার জন।
ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এ জন্য ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন করার সুযোগ ছিল।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয় এবং ২৮ আগস্টের মধ্যে সিদ্ধান্ত অনুযায়ী তালিকায় প্রয়োজনীয় সংযোজন করা হয়।
এরপর সোমবার (৩১ আগস্ট) হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। এরপর নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় কমিশন। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!