লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। এর মধ্য দিয়ে ইংলিশ ক্লাব লেস্টারের সঙ্গে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটল।
২৮ বছর বয়সী এই মিডফিল্ডার আবারও ফিরছেন ব্রামল লেনে। এর আগে ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছিলেন হামজা। সেই সময়ে ব্লেডসদের জার্সিতে ১৬টি ম্যাচে মাঠে নামেন তিনি।
লেস্টার সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘লেস্টার সিটিতে ২১ বছর কাটানোর পর হামজা চৌধুরী স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন। এর আগে তিনি ধারে ব্লেডসদের হয়ে খেলেছেন এবং ২০২৪-২৫ মৌসুমে ১৬টি ম্যাচে অংশ নিয়েছেন। আমরা তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই, হামজা।’
ছোটবেলায় লেস্টার সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। এরপর ক্লাবটির মূল দলে ১৬৫টি ম্যাচ খেলেছেন তিনি। লেস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ এবং ২০২৪ সালে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের স্বাদ পান এই মিডফিল্ডার।
হামজার এই স্থায়ী দলবদল বাংলাদেশের ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কারণ আন্তর্জাতিক অঙ্গনে তার পারফরম্যান্স ও উপস্থিতি দেশের ফুটবলে নতুন আগ্রহ তৈরি করেছে।
ইংল্যান্ডের লাফবরায় জন্ম নেওয়া হামজা চৌধুরীর মা বাংলাদেশি। ক্যারিয়ারের শুরুতে তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। পরে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।
২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হয় হামজার। এরপর বাংলাদেশের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন চারটি গোল।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!