ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে তাঁদের কাছ থেকে তথ্য নেন।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাসপাতাল ত্যাগ করেন।

পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী।

সংশ্লিষ্টরা জানান, পরিদর্শনের সময় ছুটি অনুমোদন না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (TFPA) রিনা আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতির বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

এ সময় চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়ানোর কথাও জানান তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত হলে চরভদ্রাসনসহ আশপাশের এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের মাধ্যমে হাসপাতালের পরিবেশও আরও উন্নত হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!