দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫১৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৬৮ শিশুর। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৯৬৭ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫১ শিশুর মধ্যে। এ সময়ে ১ হাজার ৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ হাজার ২৮ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ২১৮ জনের শরীরে।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে নতুন করে সংক্রমণ শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!