ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা আরও শক্তিশালী করতে টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এতদিন ছয় অংকের পিন ব্যবহার করা গেলেও এখন থেকে অক্ষর ও সংখ্যার সমন্বয়ে তৈরি আরও শক্তিশালী আলফানিউমেরিক পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে টু-স্টেপ ভেরিফিকেশন চালুর পর থেকে হোয়াটসঅ্যাপে শুধু ছয় ডিজিটের পিন ব্যবহারের সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় ব্যবহারকারীদের কমপক্ষে আট অক্ষরের পাসওয়ার্ড সেট করতে হবে।

নতুন পাসওয়ার্ডে অন্তত একটি অক্ষর ও একটি সংখ্যা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। চাইলে ব্যবহারকারীরা এতে বিশেষ চিহ্নও যুক্ত করতে পারবেন। এতে অনুমান করা কঠিন হওয়ায় অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়বে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ।

তবে নতুন পাসওয়ার্ড পদ্ধতিটি বাধ্যতামূলক করা হয়নি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিশেষ করে ‘১২৩৪৫৬’-এর মতো সহজ পিন ব্যবহারকারীদের দ্রুত নতুন পাসওয়ার্ড সেট করার আহ্বান জানানো হয়েছে।

অ্যাকাউন্ট নিরাপত্তার পাশাপাশি একাধিক ডিভাইসে ব্যবহারের সুবিধা এবং কল স্প্যাম কমাতেও নতুন সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।

অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই এখন একই অ্যাকাউন্টে একাধিক পাসকি ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা সেটিংসের ‘অ্যাকাউন্ট’ অপশনে গিয়ে ‘পাসকি’ যুক্ত করতে পারবেন।

এ ছাড়া অপরিচিত নম্বর থেকে আসা কল শনাক্ত করার ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। কনট্যাক্ট লিস্টে সংরক্ষিত নেই এমন নম্বর থেকে কল এলে এখন কলকারী সম্পর্কে অতিরিক্ত তথ্য দেখা যাবে।

এর মধ্যে থাকবে নম্বরটি কোন দেশের এবং ওই কলকারীর সঙ্গে ব্যবহারকারীর কোনো অভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কি না। মেটার দাবি, এসব তথ্য প্রতারক বা স্ক্যামারদের শনাক্ত করতে সহায়তা করবে।

তবে অপরিচিত কলের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য দেখানোর সুবিধাটি আপাতত শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!