আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে কর্মী নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। প্রথম ধাপে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া ১০ হাজার কর্মীকে বিনা খরচে নিতে নীতিগতভাবে রাজি হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিমানভাড়াসহ সব ধরনের ব্যয় ছাড়াই এসব কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে।

বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর পাঠানোর মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আগের সরকারের আমলের দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। এবার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে বাজার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

মন্ত্রণালয়ের দাবি, এসব আলোচনা ও সরাসরি বৈঠকের মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।

এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কাজ করার সুযোগ পাবে।

এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সি নির্বাচন করেছে। এছাড়া আরও ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বোয়েসেলও এ প্রক্রিয়ায় যুক্ত থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!