কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও কড়াকড়ি আনছে মেটা। নতুন নিয়মে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের সময়সীমা নির্ধারণের পাশাপাশি অপরিচিতদের সঙ্গে যোগাযোগ, নোটিফিকেশন, কনটেন্ট দেখার ধরন এবং বয়স যাচাই প্রক্রিয়ায় বাড়তি নিয়ন্ত্রণ চালু করা হবে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ও কয়েকটি মার্কিন অঞ্চলের সঙ্গে করা সমঝোতার অংশ হিসেবে এসব পরিবর্তন আনছে মেটা। সামাজিক যোগাযোগমাধ্যম অল্পবয়সীদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন ফিচারগুলোর বেশির ভাগ চালু করা হবে। তবে বয়স যাচাইসংক্রান্ত কিছু পরিবর্তন কার্যকর করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের দৈনিক সীমা ডিফল্টভাবে দুই ঘণ্টা নির্ধারণ করা হবে। তবে অভিভাবকরা চাইলে প্যারেন্টাল সেটিংসের মাধ্যমে সন্তানদের আরও বেশি সময় অ্যাপ দুটি ব্যবহারের অনুমতি দিতে পারবেন।

এ ছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে। স্কুল চলাকালীন সময়েও কিশোরদের কাছে নোটিফিকেশন পাঠানো হবে না। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোটিফিকেশন নীরব রাখা হবে।

দীর্ঘ সময় অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও সতর্কবার্তা দেখানো হবে। টানা ১৫ মিনিট ব্যবহারের পর প্রথম সতর্কতা আসবে। এরপর ৬০ মিনিট ও ৯০ মিনিট ব্যবহারের পর আবার সতর্ক করা হবে।

নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো অটোপ্লে বন্ধ করার সুযোগ দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা স্ক্রল করার সময় ভিডিও বা অন্য কোনো কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। পাশাপাশি অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী তৈরি ফিড বন্ধ করার সুবিধাও থাকবে।

এ ছাড়া কিশোর ব্যবহারকারীদের জন্য পোস্টের লাইক সংখ্যা লুকিয়ে রাখা হবে। পাশাপাশি কসমেটিক সার্জারির অনুকরণে তৈরি কিছু অতিরিক্ত মেকআপ ফিল্টার ও ইফেক্ট ব্যবহারের সুযোগ সীমিত করা হবে।

অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের অনাকাঙ্ক্ষিত যোগাযোগ থেকে কিশোরদের সুরক্ষায় নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করবে মেটা। প্রাপ্তবয়স্করা যাতে সহজে কিশোরদের মেসেজ পাঠাতে বা তাদের কনটেন্ট দেখতে না পারেন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে। মেটা জানিয়েছে, এ ধরনের ৯০ শতাংশ অভিযোগ ছয় ঘণ্টার মধ্যে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার লক্ষ্য রয়েছে।

নতুন নিয়মে অভিভাবকরা সন্তান কতক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, কী সার্চ করছে এবং প্রাপ্তবয়স্কদের সঙ্গে কী ধরনের যোগাযোগ করছে—এসব তথ্য দেখার সুযোগ পাবেন। সন্তান নতুন অ্যাকাউন্ট খুললে বা সন্দেহজনক কারও সঙ্গে যোগাযোগ করলে অভিভাবকদের সতর্কবার্তাও দেওয়া হবে।

বয়স যাচাই প্রযুক্তিতেও বিনিয়োগ বাড়াচ্ছে মেটা। এর মাধ্যমে কিশোর ব্যবহারকারীদের শনাক্ত করার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার উদ্যোগ আরও জোরদার করা হবে।

মেটা এরই মধ্যে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ‘টিন অ্যাকাউন্টস’ চালু করেছে। নতুন সমঝোতার ফলে এসব নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। ফলে আগামী কয়েক মাসে কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ধরনেও বড় পরিবর্তন আসতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!