বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সার্টিফিকেশন হারানোর ঝুঁকিতে পড়তে পারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো।

গত ২৪ আগস্ট জারি করা এক মেমোতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ (এসইভিপি)-এর আওতায় দেওয়া ‘কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (সিপিটি) অনুমোদনের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মেমোতে বলা হয়েছে, সিপিটি অনুমোদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অথচ নিয়ম অনুযায়ী, এটি কেবল শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অপরিহার্য অংশ হিসেবেই অনুমোদন দেওয়ার বিধান রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এসইভিপির নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে তাদের সার্টিফিকেশন বাতিল হতে পারে।

শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাব

নতুন নির্দেশনার পর যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু কাজের অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে।

লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসিএলএ) জানিয়েছে, সরকারি নির্দেশনা পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং অনুমোদন স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগাম পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, অদূর ভবিষ্যতে নির্দিষ্ট কিছু কাজের অনুমোদন সীমিত করা হতে পারে।

তবে ডিগ্রির জন্য বাধ্যতামূলক সিপিটি এবং ডক্টরাল ডিসারটেশন ও মাস্টার্স থিসিস গবেষণার সঙ্গে সম্পর্কিত সিপিটি আগের নিয়মেই চালু থাকবে বলে জানিয়েছে বার্কলে।

নিয়ম অপব্যবহার বন্ধে সতর্কতা

আইসিই-এর মূল অভিভাবক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বর্তমান নিয়মে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি।

তবে বিশ্ববিদ্যালয় ও নিয়োগকর্তাদের সতর্ক করে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এই ব্যবস্থার অপব্যবহার আর গ্রহণযোগ্য হবে না।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কী প্রভাব পড়তে পারে?

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীদের জন্য সিপিটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে তারা তাদের পড়াশোনার সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

নতুন বিধিনিষেধ কার্যকর হলে যারা ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য অনুমোদন প্রক্রিয়া আরও কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত নতুন নিয়মের বিস্তারিত বাস্তব প্রয়োগ ও এর প্রভাব সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!