বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিগ্রি ও প্রয়োজনীয় সনদবিহীন এক কথিত চিকিৎসককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় স্যানালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনীল কুমার বিশ্বাস, পিতা-রামচন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা-যোগ্যতা ও বৈধ সনদ ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করে আসছিলেন। এছাড়া নিষিদ্ধ ওষুধ প্রেসক্রিপশন এবং শল্য চিকিৎসা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযানের সময় তার কথিত চিকিৎসাকেন্দ্র থেকে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন ধরনের অপারেশনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা-পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!