ক্রিকেটে ফেরার দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গারের। অস্ট্রেলিয়ার ঘরোয়া নারী ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছেন তিনি। এর ফলে ভবিষ্যতে নারীদের বিগ ব্যাশ লিগে খেলার পথও খুলে গেল তার সামনে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঠানো অনুমতিপত্রের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অনয়া। সেখানে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া নারী ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পেয়ে তিনি আবেগাপ্লুত।
অনয়া লিখেছেন, অস্ট্রেলিয়া তাকে তাদের ঘরোয়া নারী ক্রিকেটের সর্বোচ্চ স্তরে খেলার অনুমতি দিয়েছে। এখন তার মূল চ্যালেঞ্জ হবে শারীরিকভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করা। এরপর বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
তিনি বলেন, ২০২৭ সালের মার্চের পর তিনি অস্ট্রেলিয়ার নারীদের বিগ ব্যাশ লিগে খেলার যোগ্য হয়ে উঠবেন। তার কাছে এটি অত্যন্ত আবেগের মুহূর্ত, কারণ একটা সময় তিনি ভেবেছিলেন জীবনে আর কখনো ক্রিকেট খেলতে পারবেন না।
অনয়া জানান, ছোটবেলা থেকেই ক্রিকেট তার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তবে লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার পর তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। সেই সময়টিকে তিনি জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, নারীদের লিগে খেলার সুযোগ পাওয়া তার কাছে শুধু একটি অর্জন নয়, বরং সবচেয়ে বড় বিষয় হলো আবার ক্রিকেট মাঠে ফিরতে পারা।
অনয়া আরও জানান, নারীদের বিগ ব্যাশ লিগে বিদেশি খেলোয়াড়দের জন্য ড্রাফট ও চুক্তির ব্যবস্থা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে ক্রিকেটার বেছে নিতে পারে। সরাসরি চুক্তির সুযোগও রয়েছে।
তবে বিগ ব্যাশের মতো বড় মঞ্চে জায়গা করে নিতে হলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে বলেও মনে করছেন তিনি। অনয়া বলেন, নিয়মিত কঠোর পরিশ্রম করছেন এবং সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করছেন।
এর আগে অনয়া একাধিকবার ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি পাওয়ার পর নতুন করে নিজের ক্রিকেট ক্যারিয়ার গড়ার সুযোগ পেলেন তিনি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!