ঢাকায় নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ মহিলা বাস সার্ভিস বা ‘পিংক বাস’-এর জন্য নারী চালক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
অস্থায়ী ভিত্তিতে চালক নিয়োগের জন্য আগ্রহী নারী প্রার্থীদের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিআরটিসির তথ্য অনুযায়ী, প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে।
এ ছাড়া আবেদনকারীর ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। যেসব প্রার্থী ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণের যোগ্যতা রাখেন, তারাও আবেদন করতে পারবেন।
প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
পরীক্ষায় অংশ নেওয়ার সময়সূচি
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ আগস্ট (রোববার), ৩১ আগস্ট (সোমবার) এবং ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে সরাসরি উপস্থিত হতে হবে।
এ সময় প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় প্রার্থীদের গাড়ি চালানোর দক্ষতা যাচাই করা হবে।
বিনা খরচে প্রশিক্ষণের সুযোগ
প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সাত দিন থেকে দুই মাস পর্যন্ত বিনা মূল্যে ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে নির্বাচিতদের থাকা ও খাওয়ার খরচ বহন করবে বিআরটিসি।
প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক পদে নিয়োগ দেওয়া হবে।
তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছে বিআরটিসি।
পরবর্তীতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত নারী চালকরা অগ্রাধিকার পাবেন।
বিস্তারিত তথ্যের জন্য বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের ম্যানেজার ট্রেনিংয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগ নম্বর: ০১৬১৯-৪৫৭২৪৫।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!