পুলিশের জনবল বাড়াতে নতুন করে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ, ৪০০ সার্জেন্ট পদ এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে।

তিনি বলেন, এসব পদ সৃজন হলে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি রংপুর জেলাতেও পুলিশের জনবল বৃদ্ধি পাবে। একই সঙ্গে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণেও উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ডেভেলপড অ্যান্ড অর্গানোগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের প্রয়োজনীয় ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় ক্রয় করে পূরণ করা হবে।

এর আগে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় বিভিন্ন ইউনিটে গ্রেড-১০ (নিরস্ত্র) পদে ৪ হাজার এসআই নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকটের বিষয়টি তুলে ধরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশের কার্যক্রম আরও কার্যকর করতে নতুন নিয়োগের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের সক্ষমতা বাড়াতে দ্রুত ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশের বিভিন্ন ইউনিটে জনবল বাড়ার পাশাপাশি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!