বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও ওয়াকার ব্ল্যাঙ্কোর সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনার পর এবার তাদের বিচ্ছেদের গুঞ্জন সামনে এসেছে। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টেনেছেন তারা। তবে এ বিষয়ে এখনো অনন্যা পান্ডে বা ওয়াকার ব্ল্যাঙ্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা ও ওয়াকারের সম্পর্ক নিয়ে গত দুই বছর ধরে বলিপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছিল। ২০২৪ সালের জুলাইয়ে ধনাঢ্য পরিবারের সন্তান অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।

এরপর মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাদের ঘনিষ্ঠতা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। যদিও তখন তারা কেউই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

পরে অনন্যার গলায় একটি বিশেষ পেনড্যান্ট দেখা যায়, যেখানে ‘এ ডব্লিউ’ আদ্যক্ষর ও হৃদয়ের চিহ্ন ছিল। ভক্তদের একাংশের ধারণা ছিল, এটি অনন্যা ও ওয়াকারের নামের আদ্যক্ষর। তবে বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজে কোনো মন্তব্য করেননি।

অনন্যার জন্মদিনে ওয়াকার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানান। সেই পোস্টে ভালোবাসার ইঙ্গিতপূর্ণ বার্তাও দেন তিনি। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

তবে এবার বিচ্ছেদের খবর সামনে এলেও বিষয়টি এখনো শুধু গণমাধ্যমের প্রতিবেদন ও সূত্রের দাবির মধ্যে সীমাবদ্ধ। জানা গেছে, সম্পর্ক শেষ হলেও দুজনের মধ্যে কোনো তিক্ততা নেই।

এর আগে অনন্যা পান্ডের সঙ্গে অভিনেতা আদিত্য রায় কাপুরের সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। ২০২২ সাল থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও বাড়ে। তবে ২০২৪ সালের মার্চে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। সেই সম্পর্ক নিয়েও দুজনের কেউ প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!