হাজারো রেকর্ডের মালিক লিওনেল মেসির ক্যারিয়ারে এবার সামনে এসেছে এক অস্বস্তিকর সম্ভাবনা। এমন এক রেকর্ডের খুব কাছে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন এই মহাতারকা, যা তার দীর্ঘ ক্যারিয়ারে খুব কমই দেখা গেছে।

ইন্টার মিয়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি মেসির জন্য হয়ে উঠেছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচেও জয় না পেলে পেশাদার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।

মিয়ামির সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। টরন্টোর কাছে ২-১ গোলে হারের পর দলটি টানা চার ম্যাচে জয়ের দেখা পায়নি। তবে এই কঠিন সময়েও ব্যক্তিগত পারফরম্যান্সে মেসি ছিলেন কার্যকর। চার ম্যাচে তার নামের পাশে রয়েছে দুই গোল ও একটি অ্যাসিস্ট। কিন্তু দলের জয় আসেনি।

মেসির পেশাদার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন সময় এসেছিল ২০১৩ সালে। তখন বার্সেলোনার হয়ে খেলছিলেন তিনি। সেবার টানা পাঁচ ম্যাচে জয় পায়নি বার্সা। এর মধ্যে চারটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচে হার ছিল।

ফলে মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না এলে ২০১৩ সালের সেই রেকর্ডে পৌঁছে যাবেন মেসি।

এর আগে ২০২৫ সালেও ইন্টার মিয়ামি চার ম্যাচ জয়হীন ছিল। তবে সেই ধাক্কা কাটিয়ে পরবর্তী পাঁচ ম্যাচেই জয় পেয়েছিল দলটি। এবারও দ্রুত ঘুরে দাঁড়ানোই মেসি ও মায়ামির প্রধান লক্ষ্য।

এদিকে ২০২৬ সালে মিয়ামির রক্ষণ নিয়েও উদ্বেগ বাড়ছে। মে মাসের পর থেকে কোনো ম্যাচেই গোল হজম না করে মাঠ ছাড়তে পারেনি দলটি। তাই শুধু মেসির ব্যক্তিগত ফর্ম নয়, দলের সামগ্রিক পারফরম্যান্সও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!