কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। এরপর জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির সঙ্গে আর মাঠে দেখা যায়নি তাকে। তবে ক্লাব ফুটবলে আবারও এই দুই বন্ধুকে একই দলে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন ডি মারিয়া। আর সেখানে খেললে দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির সঙ্গে আবারও একই জার্সিতে মাঠে নামার সুযোগ পাবেন তিনি।
৩৮ বছর বয়সী ডি মারিয়া বর্তমানে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর তিনি জানিয়েছেন, ফুটবল চালিয়ে যেতে চান। তবে পরবর্তী গন্তব্য এখনো চূড়ান্ত করেননি।
আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ডি মারিয়াকে এর আগেও দলে ভেড়ানোর চেষ্টা করেছিল ইন্টার মায়ামি। তবে সে সময় আলোচনা সফল হয়নি। এবার ২০২৭ সালকে সামনে রেখে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে।
মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব এবং মাঠের বোঝাপড়া আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম বড় কারণ। একসঙ্গে তারা জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ একাধিক বড় শিরোপা।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনা জয়ের মাধ্যমে তাদের একসঙ্গে সাফল্যের যাত্রা শুরু হয়। এরপর ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার করা একমাত্র গোলেই দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা।
এরপর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয় এবং ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি ও ডি মারিয়া। বিশ্বকাপ ফাইনালে মেসির জোড়া গোলের পাশাপাশি ডি মারিয়ার গোলও স্মরণীয় হয়ে আছে।
২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। এরপর প্রায় দুই বছর কেটে গেলেও মেসির সঙ্গে একই দলের হয়ে মাঠে নামা হয়নি তার।
তবে যদি ইন্টার মায়ামিতে যোগ দেন ডি মারিয়া, তাহলে আগামী বছর আবারও ফুটবলপ্রেমীরা দেখতে পারেন মেসি-ডি মারিয়া জুটিকে। কিংবদন্তি এই জুটির পুনর্মিলনের অপেক্ষায় এখন তাকিয়ে আছেন ভক্তরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!