আইফোনের মাসিক কিস্তি (ইএমআই) পরিশোধ করতে না পেরে আর্থিক চাপে পড়ে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন ভারতের এক নৃত্যশিল্পী। তবে পুলিশের দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ওখলা এলাকার বাসিন্দা দীপক কুমার গত কয়েক মাস ধরে আয় কমে যাওয়ার কারণে আইফোনের কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে তার মধ্যে ধীরে ধীরে মানসিক চাপ তৈরি হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক সংকট থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন।
দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার ভোলা ঘাটে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। টহলরত পুলিশ সদস্যরা দীপককে যমুনা নদীতে ঝাঁপ দিতে দেখে দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন।
পরে উদ্ধারকারীরা নদীর পানি ও কাদার মধ্য থেকে দীপককে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ তার মানসিক অবস্থা বিবেচনায় কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করে।
জানা গেছে, দীপক কুমার পেশায় একজন নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। পাশাপাশি তিনি বাগানে মালির কাজও করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার।
উদ্ধারের পর পুলিশ তার স্ত্রী ও শ্যালককে খবর দেয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে দীপক বাড়ি ফিরে যান।
এদিকে একই দিনে ভারতের মহারাষ্ট্রেও আইফোনের ইএমআই নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিন সদস্য পাহাড় থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা সামনে আসে। তবে পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পেছনে আরও কিছু কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক চাপ বা ঋণের কারণে অনেক মানুষ মানসিক সংকটে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে একা না থেকে পরিবারের সদস্য, বন্ধু বা পেশাদার সহায়তা নেওয়া জরুরি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!