মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের ভিসা কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে ঢাকায় মার্কিন দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে বক্তব্য দেওয়ার পাশাপাশি জাতিসংঘ অধিবেশন ঘিরে আয়োজিত বিভিন্ন সাইড ইভেন্ট ও বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার এই দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এদিকে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার বিষয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন স্বার্থ ও বিষয় তুলে ধরার সুযোগ তৈরি হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!