একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে যেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়েছে। ব্রাজিল ফুটবল দলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের ঢাকা সফরের পর এবার বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল দল। আগামী অক্টোবরের ফিফা উইন্ডোর মধ্যেই এই ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল।

প্রস্তাব অনুযায়ী, প্রায় ৯০ সদস্যের বড় বহর নিয়ে ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটির।

তবে বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বাফুফে এখনো ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। বিমানবন্দর থেকে তারা সরাসরি জাতীয় স্টেডিয়ামে যান।

সেখানে তারা মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি, মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরে প্রতিনিধিদলটি বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে।

রাতে তারা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে, ম্যাচ আয়োজনের প্রস্তুতি ও অবকাঠামোগত বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচের পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার পরিকল্পনা করছে দলটি।

এর আগে ভারতের ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।

ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশে আসেনি। তাই এই ম্যাচ অনুষ্ঠিত হলে এটি দেশের ফুটবল ইতিহাসে অন্যতম বড় আয়োজন হয়ে উঠবে।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় দল নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিল।

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল বাংলাদেশে এলে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!