দেশের স্মার্টফোন বাজারে নতুন একটি বাজেট স্মার্টফোন উন্মোচন করেছে হেলিও। ফ্ল্যাগশিপ পর্যায়ের কিছু ফিচার নিয়ে বাজারে আসা নতুন এই ডিভাইসটির নাম হেলিও ৬২। স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা।

বর্তমান সময়ে স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় বাজারে ভালো ফিচারের ফোন তুলনামূলক বেশি দামে পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে কম দামের মধ্যে উন্নত ফিচার দেওয়ার লক্ষ্যেই হেলিও ৬২ বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম বলেন, বাজেটের মধ্যে কেনাকাটা করলেই প্রয়োজনীয় ফিচারের সঙ্গে আপস করতে হবে—এই ধারণা পরিবর্তন করতেই হেলিও ৬২ তৈরি করা হয়েছে। ১৮ হাজার ৯৯৯ টাকার এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ জিবি র‍্যাম, আইপি৬৪ সুরক্ষা এবং আয়রন গার্ড প্রটেকশন রয়েছে।

হেলিও ৬২ স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস পর্যন্ত হাই ব্রাইটনেস মোড দেওয়া হয়েছে। ফলে গেমিং, ভিডিও দেখা ও দৈনন্দিন ব্যবহারে ব্যবহারকারীরা স্মুথ অভিজ্ঞতা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট। এতে রয়েছে ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর এবং মালি জি৫২ এমসি২ জিপিইউ। ডিভাইসটিতে ৬ জিবি ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম সুবিধা রয়েছে। অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ জিবি, যা মেমোরি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ব্যাটারির দিক থেকে হেলিও ৬২ ফোনে রয়েছে ৭০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। এর সঙ্গে দেওয়া হয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি ৪৩ মিনিটে ৫০ শতাংশ এবং প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটে সম্পূর্ণ চার্জ করা যাবে।

ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস সেলফি ক্যামেরা। ক্যামেরায় বিউটি মোড, গ্রুপ সেলফি, পোর্ট্রেট, নাইট মোড ও ডুয়াল ভিউ ভিডিও সুবিধা রয়েছে।

টেকসই ব্যবহারের জন্য হেলিও ৬২ ফোনে রয়েছে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা। পাশাপাশি আয়রন গার্ড প্রটেকশন থাকায় দৈনন্দিন ব্যবহারে ফোনের সুরক্ষা বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়াল স্পিকার, কাস্টমাইজযোগ্য হ্যালো লাইট, এনএফসি, জাইরোস্কোপ ও ম্যাগনেটোমিটার। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।

টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন ও সিল্ক গ্রিন—এই তিনটি রঙে পাওয়া যাবে হেলিও ৬২। বাংলাদেশজুড়ে হেলিওর অনুমোদিত রিটেইল পার্টনারদের কাছ থেকে ফোনটি কেনা যাবে। স্মার্টফোনটির সঙ্গে থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!