সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক-কর্মচারীদের পোস্ট পর্যবেক্ষণের জন্য নতুন উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়টি তদারক করতে ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করেছে অধিদপ্তর।
মাউশির এক চিঠিতে জানানো হয়েছে, শিক্ষক-কর্মচারীদের কোনো পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও বা অন্য কোনো কনটেন্ট সরকারি নির্দেশনার পরিপন্থি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য, নেতিবাচক কিংবা দাপ্তরিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে মনে হলে তা সংরক্ষণ করে মনিটরিং কমিটিকে জানাতে হবে।
গত ১৭ আগস্ট মাউশির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলছেন কি না, তা পর্যবেক্ষণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষক বা কর্মচারীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্ট নজরে এলে তা যথাযথভাবে সংরক্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে মনিটরিং কমিটির আহ্বায়ককে ই-মেইলের মাধ্যমে জানাতে হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পদবি ও কর্মস্থলের তথ্য দিতে হবে। পাশাপাশি কোন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশ করা হয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা প্রোফাইলের লিংক, পোস্ট বা স্ট্যাটাস প্রকাশের তারিখ ও সময় এবং প্রয়োজনীয় স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ জমা দিতে হবে।
মাউশি জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!