নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজ করতে বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে সহজ লিমিটেড।

নতুন এই উদ্যোগের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলাচলকারী ১৪টি মহিলা বাসে পস (POS) মেশিনের মাধ্যমে ই-টিকিট দেওয়া হচ্ছে। এর ফলে যাত্রীরা বাসে ওঠার পর হাতে থাকা প্রযুক্তির মাধ্যমেই দ্রুত টিকিট সংগ্রহ করতে পারবেন।

সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ই-টিকিটিং চালুর ফলে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে যাত্রীসেবার মান উন্নত হওয়ার পাশাপাশি টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে।

এই কার্যক্রমে ই-টিকিটিং পার্টনার হিসেবে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে সহজ লিমিটেড। নতুন ব্যবস্থা কার্যকর করতে বিআরটিসির বিভিন্ন ডিপোতে গিয়ে মহিলা বাসের কন্ডাক্টরদের পস মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক দল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা। এ সময় বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা চালুর মাধ্যমে যাত্রীদের ভোগান্তি কমানোর পাশাপাশি টিকিট ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে নারী যাত্রীদের জন্য পরিচালিত বাসে এ ধরনের ডিজিটাল সেবা ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৪টি মহিলা বাসে চালুর মাধ্যমে ই-টিকিটিং কার্যক্রমের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে দেশের অন্যান্য গণপরিবহনেও এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!