বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা এক বছরের জন্য বিনামূল্যে গুগলের জেমিনি প্রো সংস্করণ ব্যবহার এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়ার সুযোগ পাবেন।
শুক্রবার (২১ আগস্ট) থেকে বিশ্বব্যাপী চালু হওয়া এই সুবিধার আওতায় শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনির উন্নত সংস্করণ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি জেমিনি ব্যবহারের সীমাও সাধারণ ব্যবহারকারীদের তুলনায় বেশি থাকবে।
গুগল জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও সৃজনশীল কাজে সহায়তা করার লক্ষ্যেই এই সুবিধা চালু করা হয়েছে। জেমিনি প্রো ব্যবহার করে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট তৈরি, প্রতিবেদন লেখা, উপস্থাপনার খসড়া তৈরি, তথ্য বিশ্লেষণ এবং জটিল বিষয় সহজভাবে বোঝার কাজে সহায়তা নিতে পারবেন।
কারা পাবেন এই সুবিধা
বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই অফারের আওতায় সুবিধা নিতে পারবেন। তবে এজন্য শিক্ষার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
সুবিধা পেতে প্রয়োজন হবে একটি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা স্টুডেন্ট আইডি ব্যবহার করে পরিচয় যাচাই করতে হবে।
যেভাবে আবেদন করবেন
এই অফার নিতে প্রথমে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগলের স্টুডেন্ট অফার পেজে প্রবেশ করতে হবে। এরপর ‘Get Student Offer’ অপশনে ক্লিক করে বাংলাদেশ নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে নিজের নাম, বিশ্ববিদ্যালয়ের তথ্য এবং প্রয়োজনীয় শিক্ষার্থী পরিচয়পত্র বা সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের প্রমাণপত্র জমা দিতে হবে।
তথ্য যাচাই শেষে গুগল অনুমোদন দিলে অফারটি সক্রিয় করা যাবে। তবে সুবিধাটি বিনামূল্যের হলেও অ্যাকাউন্ট সক্রিয় করতে আন্তর্জাতিক লেনদেন সুবিধাযুক্ত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে।
শিক্ষার্থীরা ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা অনুমোদিত ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করতে পারবেন। তবে ১২ মাসের বিনামূল্যের মেয়াদে কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না।
জেমিনি প্রোতে কী সুবিধা পাওয়া যাবে
গুগলের জেমিনি প্রো হলো প্রতিষ্ঠানটির উন্নত এআই মডেলগুলোর একটি। এটি দ্রুত তথ্য খোঁজা, কোডিং, তথ্য বিশ্লেষণ, গাণিতিক সমস্যা সমাধান এবং জটিল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারে।
শিক্ষার্থীরা জেমিনি প্রো ব্যবহার করে পড়াশোনার বিভিন্ন কাজে সহায়তা নিতে পারবেন। এর মাধ্যমে কুইজ তৈরি, গবেষণার ধারণা সাজানো, লেখার খসড়া তৈরি এবং বিভিন্ন শিক্ষামূলক কাজ সহজ করা সম্ভব হবে।
ইউটিউব প্রিমিয়ামেও ছাড়
শুধু জেমিনি প্রো বা ক্লাউড স্টোরেজ নয়, শিক্ষার্থীদের জন্য গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এসব সুবিধার মাধ্যমে শিক্ষার্থীরা কম খরচে গুগলের বিভিন্ন প্রিমিয়াম সেবা ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে গুগলের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গবেষণা, শিক্ষা ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে এ ধরনের এআই সুবিধা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!