জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য নতুন অর্থ লেনদেন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটির ডাইরেক্ট মেসেজের মাধ্যমে একে অপরকে সরাসরি টাকা পাঠাতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ, ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, টিকটকের নিজস্ব পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে এই অর্থ লেনদেন সুবিধা চালু করার পরিকল্পনা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, আইফোনের জন্য টিকটক অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণ করে নতুন এই ফিচারের তথ্য পাওয়া গেছে। তবে এখনো এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি।

নতুন ব্যবস্থায় কোনো ব্যবহারকারী টাকা পাঠালে প্রাপক নির্দিষ্ট একটি বোতামে চাপ দিয়ে অর্থ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি টাকা পাঠানোর সময় ছোট বার্তা যুক্ত করার সুবিধাও থাকতে পারে।

টিকটক জানিয়েছে, ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক বা উন্নয়ন পর্যায়ে রয়েছে। তাই এটি কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

টিকটকের পেমেন্ট সেবার বিস্তার

বর্তমানে টিকটকের পেমেন্ট ব্যবস্থা দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের কেনাকাটায় ব্যবহার করা হচ্ছে। নতুন ফিচার চালু হলে একই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে সরাসরি অর্থ লেনদেনের সুযোগ তৈরি হবে।

আর্থিক প্রযুক্তি খাতে টিকটকের আগ্রহ অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে ঋণ ও অর্থ লেনদেনসংক্রান্ত সেবা চালুর জন্য আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমতি চেয়েছে টিকটক।

সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে নিজেদের সেবার পরিধি বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। অনলাইন কেনাকাটা, উন্নত সার্চ সুবিধা, স্থানীয় স্থান খোঁজার ম্যাপ, গেমিং ও হোটেল বুকিংয়ের মতো সেবার পর এবার অর্থ লেনদেন খাতেও প্রবেশের প্রস্তুতি নিচ্ছে তারা।

ডিজিটাল পেমেন্ট বাজারে প্রতিযোগিতা বাড়বে

বিশ্লেষকদের মতে, টিকটকের এই উদ্যোগ সফল হলে ডিজিটাল পেমেন্ট খাতে নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে। বিশেষ করে ভেনমো ও জেলের মতো জনপ্রিয় অর্থ লেনদেন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে টিকটক।

একই ধরনের উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ‘এক্স মানি’ নামের অর্থ লেনদেন সেবা চালু করেছে।

তবে টিকটকের নতুন অর্থ লেনদেন সুবিধা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এটি শুধু নির্দিষ্ট কিছু দেশে চালু হবে নাকি ভবিষ্যতে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!