বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়ায় বাঙালি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবার রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
নৌকাবাইচকে ঘিরে বাঙালি নদীর তীরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী নদীর তীরে জড়ো হন।
এদিকে, মেলাকে ঘিরে সন্ধ্যার পর অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। তাদের অভিযোগ, এ ধরনের আয়োজন মেলার স্বাভাবিক ও পারিবারিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এলাকাবাসী বলেন, ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও মেলার মূল আকর্ষণ ধরে রাখতে আয়োজনটি যেন সুস্থ, সুন্দর ও পরিবারবান্ধব পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!