২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনা দলের পাঁচ সদস্যকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শাস্তির আওতায় রয়েছেন চার ফুটবলার ও দলের একজন কর্মকর্তা। পাশাপাশি নিজেদের পরবর্তী দুটি হোম ম্যাচে দর্শক ধারণক্ষমতার অর্ধেক নিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

দলের আরেক ফুটবলার নাহুয়েল মোলিনাকে দেওয়া হয়েছে সাত ম্যাচের নিষেধাজ্ঞা। একই সঙ্গে তাকে ৯০ হাজার ডলার জরিমানা দিতে হবে।

এ ছাড়া থিয়াগো আলমাদা ও পাবলো মার্তিন গাভিরাকে এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা। দুজনকেই ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

আর্জেন্টিনা দলের কর্মকর্তা রবার্তো আয়ালাও শাস্তির মুখে পড়েছেন। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

দর্শক নিয়েও নিষেধাজ্ঞা
শুধু খেলোয়াড় ও কর্মকর্তাদের ব্যক্তিগত শাস্তিতেই সীমাবদ্ধ থাকেনি ফিফার সিদ্ধান্ত। আর্জেন্টিনাকে নিজেদের পরবর্তী দুটি আন্তর্জাতিক হোম ম্যাচে স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে।

অর্থাৎ, ওই দুই ম্যাচে গ্যালারির অর্ধেক আসন খালি রাখতে হবে। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলাবিধি লঙ্ঘন, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক আচরণের অভিযোগে এএফএর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কী ঘটেছিল ফাইনালে?
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের পর মাঠে উত্তেজনা তৈরি হয়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে বিষয়টি তদন্তের আওতায় নেয় ফিফা।

তদন্ত শেষে এবার আর্জেন্টিনার খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির ঘোষণা দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সূত্র: বিবিসি স্পোর্ট

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!