তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্বসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে।
রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে জানা গেছে, মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হতে পারেন। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
শুক্রবার (২১ আগস্ট) রাতে নতুন সদস্যদের শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হতে পারে।
আলোচনা অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এলজিআরডি মন্ত্রণালয়ের শূন্য হওয়া দায়িত্ব ড. আবদুল মঈন খানের হাতে যেতে পারে। সরকারের কার্যক্রম আরও গতিশীল করতেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হওয়ার সম্ভাব্য তালিকায় আরও তিনজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন—জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
আলোচনা অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে আন্দালিব রহমান পার্থ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা এখনো নিশ্চিত নয়।
মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ নেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন রাষ্ট্রপতিই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
সূত্র: যুগান্তর
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!