বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার (২১ আগস্ট) থেকে। অনলাইনের মাধ্যমে এই আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
বদলি আবেদনের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল জানিয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে আবেদন কার্যক্রম চালু হবে। যোগ্য শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরুর তথ্য জানায়।
মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী পরিচালনা করা হবে।
নীতিমালা বাস্তবায়নে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় তৈরি সফটওয়্যারের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে
বদলির জন্য আবেদনকারী শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পাবেন।
প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই শেষে কর্তৃপক্ষ প্রয়োজনীয় বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবে।
কারা আবেদন করতে পারবেন
বদলি নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন। এর মধ্যে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সংশ্লিষ্ট শিক্ষকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
আবেদনকারী শিক্ষককে সাধারণত নিজের চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলার জন্য আবেদন করতে হবে। তবে নিজ জেলায় কাঙ্ক্ষিত পদ শূন্য না থাকলে নিজ বিভাগের অন্য জেলার বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করার সুযোগ থাকবে।
শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন যাচাই ও নীতিমালা অনুসরণ করে পরবর্তী সময়ে বদলির সিদ্ধান্ত জানানো হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!