বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি জোরেশোরে চলছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হতে পারে। তবে বেতন বৃদ্ধির হার, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় কিছুটা সময় লাগছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব বিষয় দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে।

সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী অক্টোবর থেকে বেতন পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে নতুন পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বেতন পুনর্নির্ধারণ করে বকেয়া অর্থ সমন্বয় করা হবে।

সূত্র জানায়, মূল্যস্ফীতির চাপ ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে সরকারের ওপর এককালীন বড় আর্থিক চাপ কমবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকে বেতন কাঠামোর অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হবে।

এর আগে সচিব কমিটির বৈঠকে গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, পেনশন সুবিধা এবং পে স্কেল বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বেতন কমিশনের পূর্ণ সুপারিশে কিছু পরিবর্তন আনার বিষয়টিও আলোচনায় এসেছে।

বিশেষ করে মূল বেতন বৃদ্ধির হার, কয়েকটি ভাতা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে সমন্বয় করা হতে পারে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের পর অক্টোবর থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার লক্ষ্য রয়েছে। এর আগে সচিব কমিটির চূড়ান্ত বৈঠকের মাধ্যমে সুপারিশ প্রস্তুত করা হবে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, চলতি বছরেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং এটি ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

বর্তমানে গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পুরোনো বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। নতুন গেজেট প্রকাশের পর জুলাই থেকে কার্যকর ধরে বেতন পুনর্নির্ধারণ এবং বকেয়া অর্থ সমন্বয় করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!