বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
পরে বিকেলে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন নেতৃবৃন্দ। র্যালিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে র্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
র্যালি শেষে নেতাকর্মীরা খাগড়াছড়ি পৌর টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হন।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী ও ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের মানুষের চাহিদা ও প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি খাতে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তারা মন্তব্য করেন।
তারা আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বৈষম্য দূর করে সবার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং আনন্দ ভাগাভাগি করেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!