দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে কোনো শিক্ষার্থী আগের শ্রেণিতে সফলভাবে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে উঠলে তার কাছ থেকে নতুন করে ভর্তি ফি বা পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা জারি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমবে বলে আশা করছে মন্ত্রণালয়।
নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করতে পারবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত মাসিক বেতন বা টিউশন ফি নেওয়া যাবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিভিন্ন নামে অতিরিক্ত ফি আদায়ের প্রবণতা বন্ধ করতেই নতুন এই নীতিমালা করা হয়েছে।
নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সব ধরনের আয় ও ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।
প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালনা করতে হবে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে। পাশাপাশি আয়-ব্যয়ের সব হিসাব সংরক্ষণের দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের ওপর থাকবে।
কোনো প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। এ ক্ষেত্রে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের ফি নির্ধারিত ব্যাংক হিসাব, সোনালী পেমেন্ট গেটওয়ে অথবা সরকারি মালিকানাধীন অন্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।
হাতে হাতে বা নগদ অর্থে ফি আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষ জরুরি পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগের সময় মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে নগদ অর্থ গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে তা ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয়ের খাতে কোনো পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করতে হলে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতে সংগৃহীত অর্থও যথাযথ নিয়ম মেনে নির্ধারিত সময়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!