খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্গম পাহাড়ি এলাকার প্রায় ৬০০ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
বুধবার (১৯ আগস্ট) পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে এবং রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও পরামর্শ দেন। এ সময় ছানিসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত রোগীদের শনাক্ত করে পৃথক তালিকা প্রস্তুত করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনাক্ত হওয়া ছানি রোগীদের পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এতে প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় রোগীরা উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।
খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, “প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান না। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী রোগীদের পরবর্তী ও দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্যও আমরা কাজ করছি।”
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসার সুযোগ পাওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় করাও এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
চিকিৎসাসেবা শেষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!