হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। তবে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে পাওয়া কঠিন হয়ে পড়ায় বিকল্প খেলোয়াড়ের সন্ধান শুরু করেছে কাতালান ক্লাবটি।
স্পেনের স্পোর্টস টক শো ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এল চিরিংগিতো টিভি’র দাবি, আলভারেজকে দলে টানার দৌড় থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ক্লাবটি।
আলভারেজকে না পেলে আক্রমণভাগ শক্তিশালী করতে তিন ফরোয়ার্ডকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে বার্সেলোনা। তারা হলেন ভিয়ারিয়ালের জর্জ মিকাউতাদজে, একই দলের আয়োজে পেরেস এবং ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজ।
তালিকায় থাকা তিন খেলোয়াড়ের মধ্যে জর্জ মিকাউতাদজেকে নিয়ে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর আগ্রহ সবচেয়ে বেশি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ভিয়ারিয়ালের হয়ে তার পারফরম্যান্স ডেকোকে মুগ্ধ করেছে। তবে কোচ হান্সি ফ্লিকের পূর্ণ সমর্থন এখনো পাওয়া যায়নি বলে চুক্তি নিয়ে অভ্যন্তরীণ ঐকমত্য তৈরি হয়নি।
অন্যদিকে, আয়োজে পেরেসকে তুলনামূলক কম খরচে দলে নেওয়ার সুযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরোর মধ্যেই এই ফরোয়ার্ডকে পাওয়া যেতে পারে। আলভারেজকে ভবিষ্যতে আবারও দলে নেওয়ার পরিকল্পনা থাকায় পেরেসকে স্বল্পমেয়াদি সমাধান হিসেবে বিবেচনা করতে পারে বার্সেলোনা।
সম্ভাব্য বিকল্প তালিকায় রয়েছেন ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজও। গত কয়েক বছর ধরেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে বার্সেলোনার নাম জড়িয়েছে। ইন্টারের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এবারও তাকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখছে ক্লাবটি।
প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে আলভারেজকে দলে নেওয়া প্রায় অসম্ভব মনে করছে বার্সেলোনা। তবে জানুয়ারির দলবদল কিংবা ২০২৭ সালে আবারও তার জন্য চেষ্টা চালাতে পারে কাতালান ক্লাবটি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!