বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নে ভাঙ্গা কালভার্ট, চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী
শেরপুর (বগুড়া): বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি সুঘাট থেকে ধুনট উপজেলার মথুরাপুর বাজারের দিকে সংযোগ স্থাপন করেছে। প্রতিদিন এ পথে পথচারী, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এছাড়া ফুলজোড় সুঘাট স্কুলে যাতায়াতকারী শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ভাঙ্গা কালভার্ট পার হতে বাধ্য হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার হয়নি। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।
এলাকাবাসী দ্রুত কালভার্টটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি তারা বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং তাঁর পুত্র আসিফ মোহাম্মদ সিরাজের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কালভার্টটি সংস্কার করা হলে শরিফ সুঘাট গ্রামের বাসিন্দা, বিভিন্ন যানবাহনের চালক এবং ফুলজোড় সুঘাট স্কুলের শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!