খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার ও খাদ্যে ভেজালবিরোধী অভিযানে বহুল পরিচিত মিষ্টান্ন ও বেকারি প্রতিষ্ঠান ‘বনফুল’কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে মাটিরাঙ্গা বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) মো. মিজানুর রহমান এবং মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানকালে বাজারের ‘বনফুল’ ও ‘মধুবন’ আউটলেটে তদারকি করা হয়। বনফুলের আউটলেটে মেয়াদোত্তীর্ণ গ্যালারি বিস্কুট, মেয়াদ পার হওয়া ফার্ম ফ্রেশ দুধ এবং মেয়াদের উল্লেখবিহীন দই বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখতে দেখা যায়।

এ ছাড়া প্রতিষ্ঠানটিতে ঢাকনাবিহীন ময়লার ঝুড়ি ব্যবহার এবং কর্মরত কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সনদ না থাকার মতো অনিয়মও পাওয়া যায়।

এসব অনিয়মের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বনফুল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দ করা মেয়াদোত্তীর্ণ দুধ, বিস্কুটসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া বলেন, ‘ভোক্তার অধিকার রক্ষা ও সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা প্রশাসনের অগ্রাধিকার। অসচেতনতা কিংবা মুনাফার আশায় জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলার সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজারে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!