দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. শিফা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিফা মনি উত্তর সুজাপুর গ্রামের মো. এস্তামুলের মেয়ে। তার মা মোছা. রিক্তা বানু। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মতো মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিল শিফা মনি। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা বাসটি আটক করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রতিবাদে ও বাসটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!