দেশের ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিবন্ধন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আনতে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে সেই রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না।
তিনি বলেন, পরিবেশবান্ধব ও পরিকল্পিত ব্যবস্থাপনার অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। নিবন্ধনের মাধ্যমে এসব যানবাহনের সংখ্যা, মালিকানা ও চলাচল ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে।
এর আগে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছিল, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিবন্ধন ও লাইসেন্সিং কার্যক্রম চালু হলে একদিকে যেমন যান চলাচলে শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।
বর্তমানে দেশের বিভিন্ন শহর ও এলাকায় বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার এবং চার্জিং ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে।
সরকারের নতুন উদ্যোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!